জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে চারুকলা বিভাগ আয়োজন করেছে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। গত শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। প্রদর্শনীতে চারুকলা বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য ও প্রিন্ট মেকিং। প্রদর্শনী প্রাঙ্গণে কথা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকীর সঙ্গে। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল মনোভাবের বিকাশে ভূমিকা রাখবে। এ ধরনের প্রদর্শনী, নাট্য উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- আরও বিস্তৃত পরিসরে আয়োজন হওয়া উচিত। পাশাপাশি এই আয়োজনগুলোর প্রচারও জরুরি।’
বছরে একাধিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজনের কথা জানালেন জবি চারুকলা বিভাগের চেয়ারম্যান রশীদ আমিন। তিনি বলেন, ‘প্রথমবার জগন্নাথ বিশ^বিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হলো। ফলে পুরো বিশ^বিদ্যালয়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই উৎসবকে রাঙিয়ে দিতেই এই বিশেষ প্রদর্শনী। আমরা বছরের বিভিন্ন সময় শিক্ষক-শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে এমন প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করছি।’
প্রতীতি দেবীকে উৎসর্গ করে শেষ হলো ষষ্ঠ আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে গতকাল সোমবার বিকেলে শেষ হয় ষষ্ঠ আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রতীতি দেবীকে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী।
লোকজ উৎসব শুরু হচ্ছে আজ : সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০২০ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। উৎসব উপলক্ষে গতকাল সোমবার ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপপরিচালক রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, বেলা ৩টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব চলবে। ১৪ ফেব্রুয়ারি শেষ হবে উৎসব। দেশের পল্লী অঞ্চল থেকে ৬৪ জন দক্ষ কারুশিল্পী মেলায় তাদের শিল্পকর্ম প্রদর্শন, বিপণন ও তৈরি করার সুযোগ পাবেন। তাদের জন্য ৩২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া উৎসবের লোকজ মঞ্চে প্রতিদিন লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি-সারি, হাসন রাজার গান ও লালনসংগীত পরিবেশিত হবে।