সরকারি কর্মচারীকে মারধর করায় প্যানেল মেয়র জেলে

সুনামগঞ্জে জেলা প্রশাসনের এক কর্মচারীকে মারধর করার মামলায় সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে সুনামগঞ্জ কালেক্টরেটের কর্মচারী মো. জাকারিয়াকে মারধর করার মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট শহরের ষোলঘর এলাকায় সুনামগঞ্জ কালেক্টরেটের অফিস সহায়ক জাকারিয়াকে মারধর করেন হোসেন আহমদ রাসেল। এ ঘটনায় ওই দিনই জাকারিয়ার ভাই মো. দিদার হোসেন বাদী হয়ে রাসেলকে আসামি করে থানায় মামলা করেন।

গতকাল সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন রাসেল। বিচারক বেলাল উদ্দিন জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।