সাভারে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সাভারে মার্কেটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে মাহফুজুর রহমান মাফু (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত রবিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো আমির হোসেন টিপু (৫৪), ফরিদ হোসেন বাবু (২৫) ও দেলোয়ার হোসেন (৫০)। তারা সবাই সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার বাসিন্দা। নিহত মাহফুজুর রহমান ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের আফসার মোল্লার ছেলে। হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার হাজী মনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রবিাবর রাতে অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটের নিচতলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন মাহফুজুর রহমান মাফুকে বেধড়ক পিটিয়ে আহত করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে মাফুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।