ফরিদপুরে হাতুড়িপেটায় যুবকের মৃত্যু, গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদপুরে পৃথক দুই ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে শহরের চরকমলাপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্য ঘটনায় শহরের পশ্চিম আলীপুরে সন্ত্রাসীদের হাতুড়িপেটার শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান, শহরের চরকমলাপুর একটি ভাড়া বাসা থেকে রিনা বেগম (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছে।

তিনি জানান, নিহত রিনা বেগমের স্বামীর নাম মো. হাসান। তিনি একজন ট্রাক চালক। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কলহ চলছিল। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। হত্যাকাণ্ডের পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

নিহত রিনার আনিতা (৫) ও তালহা (৩) নামে দুইটি সন্তান রয়েছে। তিনি সালথা উপজেলার কুমারপট্টি গ্রামের শাহজাহানের মেয়ে।

অপর ঘটনায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রাব্বি শহরের আলীপুর গোরস্থান মোড়ে অবস্থিত তার মামা বিল্লাল হোসেনের হোটেলে কাজ করতেন। তিনি আলীপুর শাপলা সড়কের মৃত নূরু শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় হোটেলে কাজ করার সময় স্থানীয় ৪/৫ জন যুবক রাব্বিকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হোটেলে রুটি দেওয়াকে কেন্দ্র করে হামলাকারীদের সঙ্গে রাব্বির বিরোধের সৃষ্টি হয়।

কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান, হামলাকারীদের সঙ্গে নিহতের মাদক সংক্রান্ত বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লাশ দুইটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।