ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইরান

ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে ইরান সরকার।

গত বুধবার ইরানের ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানটিতে আঘাতে হানে। তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় ইউক্রেনের বিমানটি। এতে নিহত হয় বিমানটির ১৭৬ জন যাত্রী।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল মঙ্গলবার জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কয়জন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পরিচয় সম্পর্কে কিছু জানাননি তিনি।

এদিন সকালে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় বিশেষ আদালত গঠন করা হবে। এই ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যার বদলা নিতে গিয়ে মার্কিন লক্ষ্যবস্তু মনে করে যাত্রীবাহী বিমানটিকে ধ্বংস করে দেয় ইরান। শুরুতে স্বীকার না করলেও আন্তর্জাতিক চাপে পড়ে এই ঘটনার তিনদিন পর এই ঘটনার দায় নেয় ইরান এবং দুঃখ প্রকাশ করে।

এদিকে ইউক্রেন সরকার দোষীদের শাস্তি দাবি করে ইরান থেকে ক্ষতিপূরণ চেয়েছে। বিপুল পরিমাণ প্রাণহানির ঘটনায় তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ গুলি ছুড়েছে বলেও অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।