প্রতিটি দিনের প্রতিটি ক্ষণ নাগরিকদের পাশে থাকবেন তাপস

প্রতিটি দিনের প্রতিটি ক্ষণ নাগরিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার কামরাঙ্গীচরের ঝাউচর এলাকায় দিনের প্রচার শুরুর সময় সংক্ষিপ্ত বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি।

ফজলে নূর তাপস বলেন, নির্বাচিত মেয়র হিসেবে বছরের প্রতিটি ক্ষণ নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখব। আমি নির্বাচিত হতে পারলে ৩৬৫ দিন, সপ্তাহের ৭ দিন, দিনের ২৪ ঘণ্টার ৩৬০০ সেকেন্ড আপনাদের জন্য নিবেদিত করব। জনগণের সেবায় নিয়োজিত করব এবং নগর ভবনের দরজা সবার জন্য খোলা থাকবে।   

তিনি বলেন, অভিভাবকত্ব নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা উন্নত ঢাকা গড়ে তুলতে চাই। এই নতুন যাত্রায় আমি বিশ্বাস করি, ঢাকাবাসী আমাদের সমর্থন দেবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে আমাদের সেবা করার সুযোগ দেবেন।

আওয়ামী লীগ প্রার্থী বলেন, আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থীসহ নৌকা মার্কার মেয়র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে এসেছি। আপনাদের কাছে প্রতিশ্রুতি করতে চাই, আপনাদের সেবা করার সুযোগ পেলে আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকা, জীবনযাপনের ঢাকা, নতুন প্রজন্ম নিয়ে স্বপ্নের ঢাকা গড়ব।

পরে ঝাউচর এলাকার আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নূরে আলম (ঠেলাগাড়ি মার্কা) এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শেফালী আক্তারকে (আনারস মার্কা) পরিচয় করিয়ে দেন তাপস।

পথসভায় ও প্রচারে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ ফজলে নূর তাপস আপনাদের পাশে থাকবেন এবং একটি উন্নত দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন উপহার দেবেন। 

আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য শেখ ফজলে নূর তাপসের ওপর আস্থা রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

প্রচারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, হাজী আবুল হাসনাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিত ছিলেন।

পথসভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করেন শেখ ফজলে নূর তাপস। এদিন নগরীর ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালান তিনি।