যুক্তরাষ্ট্র থেকে ২১ সৌদি সেনা বহিষ্কার

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিমান ঘাঁটিতে গত মাসে এক সৌদির চালানো প্রাণঘাতী হামলার পর করা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে সৌদি সামরিক বাহিনীর ২১ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত এই সৌদিরা হামলাকারী সৌদি বিমানবাহিনীর ওই লেফটেন্যান্টকে সাহায্য করেছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বহিষ্কারের কারণ হিসেবে বহিষ্কৃতদের কাছে জিহাদি উপাদান ও শিশুদের অশ্লীল ছবি পাওয়া যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

৬ ডিসেম্বর ফ্লোরিডার পেন্সাকোলা নৌ-বিমান ঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মেদ সায়ীদ আলশামরানি (২১) গুলি করে যুক্তরাষ্ট্রের তিন নাবিককে হত্যা ও আরও আটজনকে আহত করেন। হামলার একপর্যায়ে একজন ডেপুটি শেরিফের পাল্টা গুলিতে আলশামরানি নিহত হন।

ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে সৌদি সামরিক সদস্যদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়।