যুদ্ধময় সিরিয়ার ছবিতে বাংলাদেশের নাম: ক্ষমা চাইল অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়ে ফেইসবুকে একটি পোস্টের জন্য ক্ষমা চেয়েছে।

মঙ্গলবার সংস্থাটির ফেইসবুক পাতায় নতুন এক পোস্টে বলা হয়, সংঘাত ও যুদ্ধময় দেশ, যেখানে মানুষ আক্রমণ, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে- ফেইসবুক বিজ্ঞাপনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ক্ষমা চাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমরা এ ভুলের জন্য বাংলাদেশের জনগণের এবং যারা এর মাধ্যমে মর্মাহত হয়েছেন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।
শুক্রবার যুদ্ধ ও সংঘাতময় দেশে মানুষের আক্রান্ত, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি ফেইসবুক পোস্ট দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশাল।

বাংলাদেশের নাম উল্লেখ করে দেওয়া ওই পোস্টে ছবি সংযুক্ত করা হয় সিরিয়ার একটি যুদ্ধবিধ্বস্ত এলাকার।

ওই পোস্টে লেখা হয়, 'বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় নিরপরাধ মানুষ আক্রমণের শিকার, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে- কেবল মাত্র ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে। যুদ্ধ ও সংঘাতের সময় ভয়ঙ্কর নির্যাতনকে তুলে ধরতে আমরা সংগ্রাম করছি। এ ধরনের গল্প শোনানোর জন্য হাজার হাজার মানুষের সঙ্গে আন্দোলনে যোগ দিন।'

শুক্রবারে পোস্ট দেওয়ার কিছু সময় পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফেইসবুক পাতায় বাংলাদেশ থেকে সেটি দেখা যাচ্ছিল না।

মঙ্গলবার রাতে আরেকটি ফেইসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় সংস্থাটি।

সেখানে লেখা হয়, 'আমরা স্বীকার করছি বাংলাদেশ যুদ্ধ ও সংঘাতময় দেশের মধ্যে নেই। অধিকন্তু তারা মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।'

ওই পোস্টটি সংশোধনের পাশাপাশি ভবিষ্যতে এমন পোস্টের ক্ষেত্রে আরও যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় মঙ্গলবারের পোস্টে।