৫ দিনই টেস্ট খেলা উচিত : এমসিসি

সম্প্রতি ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত হচ্ছে চার দিনের টেস্ট চালুর প্রসঙ্গ। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই চার দিনের টেস্ট বাধ্যতামূলক করার চিন্তা আইসিসির। মার্চে আইসিসির সভায় এ নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সব আইনের স্বত্বাধিকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাব-এমসিসি। তারা মনে করে টেস্ট পাঁচ দিনই খেলা উচিত। গতকাল এক বিবৃতিতে ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক ক্রিকেট ক্লাবটি জানিয়েছে, টেস্টের দৈর্ঘ্য নিয়ে সাম্প্রতিক আলোচনার দিকে নজর আছে তাদের ‘টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ এবং ২০২৩ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ দিনের ফরম্যাটের পরিবর্তে চার দিনের ম্যাচ চালুর বিষয়ে আইসিসির প্রবল ইচ্ছা সম্পর্কে সাম্প্রতিক আলোচনা দেখছেন তারা। এমসিসি ক্রিকেট কমিটি এবং এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি এই বিষয়ে আলোচনা করেছে। চার দিনের টেস্টে কিছু সুবিধা আছে ঠিকই, কিন্তু দুই কমিটিই বিশ্বাস করে যে টেস্ট ক্রিকেট পাঁচ দিনই খেলা উচিত।’ বিশ্ব ক্রিকেটে এমসিসির ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠার পর থেকেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ক্রিকেট পরিচালনা করে তারা। বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নেও ক্লাবটি নেতৃত্ব দেয়। ১৯৯৩ সালে অনেকগুলো বিষয় আইসিসির কাছে হস্তান্তর করে। সেই সঙ্গে ইংল্যান্ডে ক্রিকেট পরিচালনাও টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড-টিসিসিবির কাছে প্রদান করে। তাদের করা আইনের স্বত্ব এখনও এমসিসির।