২০০৩-এর পর বরখাস্ত হওয়া প্রথম বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে ক্লাব সমর্থকদের উদ্দেশে আবেগময় চিঠি লিখেছেন। কঠিন-সহজ দুই সময়েই পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন তিনি ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে এই সময়ে স্মরণ করেন ভালভার্দে। চিঠিতে তিনি লিখেছেন-
ভালোবাসার সমর্থকবৃন্দ। বার্সেলোনায় আমার সময় শেষ হয়েছে। গত আড়াই বছর একদম শুরু থেকেই দারুণ ছিল। আমি পুরোটা সময়ের বিভিন্ন সুখকর স্মৃতি আজ পাশে রাখছি। এই সময়ে ট্রফি জিতেছি ও অনেক স্মরণীয় ম্যাচ জিতেছি, তবে অনেক সময় খুব কঠিনও ছিল। তবে সব পাশে রেখে আমি এই সময়ে আমাকে সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য সব সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া আমাকে বার্সেলোনার কোচ হওয়ার সুযোগ দেওয়ায় বোর্ড প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোম্যু এবং পরিচালকদেরও ধন্যবাদ দিতে চাই। আমি আমার সব শিষ্য, স্টাফদেরও ধন্যবাদ দিতে চাই, তারা পুরোটা সময় আমাকে খুবই সম্মানের সঙ্গে নিয়েছে। সবার সঙ্গে সুইতাত এস্পার্তিভা (বার্সার অনুশীলন গ্রাউন্ড) ও অ্যাওয়ে ট্যুরগুলোয় দারুণ সব মুহূর্ত আছে যা আমাকে আজীবন আনন্দ দেবে। অবশ্যই, ফুটবলারদের আলাদা করে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের চেষ্টার কারণে আমি কোচ হিসেবে ৪টি শিরোপা জিতেছি। আজ থেকে বার্সার সবাইকে ও নতুন কোচ কিকি সেতিয়েনকেও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।
২০১৭ সালে বার্সার কোচ হয়ে এসেছিলেন ভালভার্দে। তার অধীনে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে দলটি। এই মুহূর্তে চলতি লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে দল। নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটেও। এ জন্য ভালভার্দেকে ধন্যবাদ জানিয়েছেন বার্সা কর্র্তৃপক্ষ, ‘পেশাদারিত্ব, আত্মোৎসর্গ, নিবেদন এবং বার্সা পরিবারের সবার প্রতি তার ইতিবাচক আচরণের জন্য আর্নেস্তো ভালভার্দের কাছে ক্লাব প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা ভবিষ্যতে তার সৌভাগ্য এবং সাফল্য কামনা করি।’
এদিকে সাবেক বসকে শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসিও। বার্সা অধিনায়ক টুইট বার্তায় জানিয়েছেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আমি নিশ্চিত আপনি যেখানেই যান না কেন খুব ভালো করবেন। কারণ একজন দারুণ পেশাদার হওয়ার পাশাপাশি আপনি একজন ভালো মানুষও। শুভকামনা এবং বিশাল আলিঙ্গন।’