বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দল সমর্থক কর্মকর্তাদের সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের কোনো মোরালিটি নেই তাদেরই নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। তাদের দিয়ে ইভিএমে ইচ্ছেমতো ম্যানিপুলেট করা হবে।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল’-এর উদ্যোগে এ অনুষ্ঠানে ‘গুম হওয়া ১০ নেতার’ পরিবারের সদস্যদের হাতে শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এমন একটা সমাজ তারা তৈরি করেছে, যে সমাজে সন্তানরা মানুষ হতে পারবে না। আজ তারা যেটা করছে, সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ। হত্যা, শ্লীলতাহানি, ধর্ষণ যেন একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। মানুষ এখন আর কথা বলে না। কারণ ভয়ভীতি ছড়িয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করছে তারা। এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, তারা অনেকেই আজ নেই।
‘গুম-হত্যার শিকারদের’ পরিবারের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই সমাজ কীভাবে এই ধরনের একটা পরিস্থিতি সহ্য করছে, এটাও চিন্তার কথা।
তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। গণমাধ্যমও এখন ‘নিয়ন্ত্রিত’। বিএনপির সংবাদ গুরুত্ব পায় না। কিন্তু ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গুরুত্ব পায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।