মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় ২৩ জানুয়ারি অন্তর্বর্তী আদেশ দেবে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বাদীপক্ষের জরুরি পদক্ষেপের অনুরোধের প্রেক্ষিতে এই আদেশ দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।
আলজাজিরা জানায়, গাম্বিয়ার আইন মন্ত্রণালয় সোমবার এক টুইটে এ কথা জানিয়েছে। এ বিষয়ে জানতে আইসিজে’র সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রোহিঙ্গাদের হয়ে আন্তর্জাতিক বিচার আদালতে লড়ছে পশ্চিম আফ্রিকার ছোট্ট এই মুসলিম দেশটি। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘অব্যাহত গণহত্যার’ অভিযোগ এনে গত বছরের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়।
মিয়ানমার রাখাইনে সামরিক অভিযানে ১৯৪৮ সালের জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে গাম্বিয়া। ওই অভিযানে নতুন করে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়।
আরও ক্ষয়ক্ষতি এড়াতে প্রথম পদক্ষেপ হিসেবে ‘অন্তর্বর্তী আদেশ’ দিতে আদালতের প্রতি আহ্বান জানায় গাম্বিয়া। মামলার চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই মামলায় নিজের দেশের হয়ে লড়তে হেগের আদালতে উপস্থিত হয়েছিলেন মিয়ানমার নেত্রী শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি। তিনি গণহত্যার বিষয়টি অস্বীকার করেন এবং আদালতের এ বিষয়ে শুনানি করার এখতিয়ার নেই বলেও দাবি করেন।
মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মুখে সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল বিভিন্ন সময় নিপীড়নের শিকার তিন লাখ রোহিঙ্গা।