বিজ্ঞানীদেরকে গোবর গবেষণায় নজর দিতে বললেন বিজেপি মন্ত্রী

গোবর ও গো-মূত্র গবেষণা নজর দিতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন, ডেইরি ও মৎস্যচাষ মন্ত্রী গিরিরাজ সিংহ।

আনন্দবাজার জানায়, ১২টি রাজ্যের ভেটেরিনারি অফিসার ও পশুপালন সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর উপাধ্যক্ষদের কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

মোদি সরকারের এই মন্ত্রী বলেন, শুধু গো-ভক্তি থেকে নয়, বাস্তব সমস্যা মোকাবিলার দাওয়াই হিসেবেই গোবর গবেষণা করা উচিত।

তিনি বলেন, গো-হত্যা নিষিদ্ধ। আবার দুধ দেওয়া বন্ধ হওয়ার পর গরু গোয়ালে রাখলে আর্থিক ক্ষতি। তাই ছাড়া-গরু উত্তরপ্রদেশে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

পশুপালন মন্ত্রী বলেন, বিজ্ঞানীরা যদি গোবর ও গো-মূত্র থেকে অর্থকরী কিছু তৈরির পথ দেখাতে পারেন, তবে বুড়ো গরু ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে। অর্থনীতিরও এতে উপকার হবে।

উল্লেখ্য, ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দুরা গরুকে পূজনীয় মনে করেন। দেশটিতে গরু জবাই ও মাংস খাওয়া নিষিদ্ধ। কিন্তু আর্থিক লোকসানের কারণে অনেকে বুড়ো গরু রাস্তাঘাটে ছেড়ে দেওয়ায় সেগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।