বিরোধ মেটাতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে তরবারি যুদ্ধের অনুমতি চান মার্কিন ব্যক্তি!

আইনি বিরোধ নিষ্পত্তির জন্য প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে তরবারি যুদ্ধে নামতে চান এক মার্কিন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এক আদালতে বিচারকের কাছে এমন আবেদন জানান তিনি।

দ্য গার্ডিয়ান জানায়, ডেভিড ওস্ট্রম নামে ওই ব্যক্তি কানসাসের পাওলা এলাকার বাসিন্দা। জানুয়ারির শুরুতে তার প্রাক্তন স্ত্রী ব্রিজেট ওস্ট্রমের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনেন তিনি।

৪০ বছর বয়সী ওই ব্যক্তির অভিযোগ, আইওয়ার বাসিন্দা তার প্রাক্তন স্ত্রী ব্রিজেট ও তার আইনজীবী তাকে 'আইনি মোকদ্দমায় ধ্বংস' করে দিচ্ছেন।

দুই পক্ষের মধ্যে সমাধানের জন্য তিনি তরবারি যুদ্ধের অনুমতি চান বিচারকের কাছে। ডেভিড জানান, এর জন্য অনুমতি দেয়া বিচারকের পক্ষে সম্ভব।

তিনি আবেদনে এও যুক্ত করে দেন যে, যুক্তরাষ্ট্রের আইনে তরবারি যুদ্ধের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ নেই।

মূলত সম্পত্তি ভাগাভাগি ও এর কর পরিশোধ নিয়ে প্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়। এদিকে ডেভিডের এই আবেদনের প্রেক্ষিতে সময় নিয়েছেন বিচারক। দুই পক্ষের এমন জটিল আইনি প্রক্রিয়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে চান না বলেও তিনি জানান।