জার্মান নেতা অ্যাডলফ হিটলারের মৃত্যু রহস্যের আজও কিনারা হয়নি। তাই বলে তিনি বেঁচে আছেন এটা ভাবার কোনো কারণ নেই। কীভাবে মারা গেছেন সেটি সুনির্দিষ্টভাবে জানা না গেলেও তিনি যে মারা গেছেন এটা নিশ্চিত।
এরপরও হিটলারকে যদি জার্মানির রাস্তায় ক্ল্যাসিক বাইকে চড়ে অভিবাদন নিতে দেখা যায় তাহলে তো চোখ কপালে ওঠারই কথা। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এ ঘটনার একটি ভিডিও।
আনন্দবাজার জানায়, ঘটনা সামনে আসার পরই তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। কোথা থেকে, কেন এলেন এই হিটলার তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
গোটা বিশ্বের সঙ্গে জার্মানির প্রায় সবাই ঘৃণার চোখেই দেখেন হিটলারকে। অতীতে এমন সাজ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অনেকে। তবে জার্মানির রাস্তায় এবার যে হিটলারকে দেখা গেল, তাকে দেখে পথচারীরা ঘৃণা বা ক্ষোভ উগরে না দিয়ে হাসাহাসিই করেছেন।
পূর্ব জার্মানির স্যাক্সনি প্রদেশে কেমনিটজের কাছে অগাস্টাসবার্গে এক রাস্তায় দেখা মেলে এই হিটলারের। এক ব্যক্তি হিটলারের মতো সেজে রাস্তায় বেরিয়েছিলেন। হিটলারের মতোই মাছি গোঁফ, পরনে ছিল পুরোনো স্টাইলের সেই কালো লং কোট। আবার তার সঙ্গে এক সহযোগীও ছিলেন।
এই হিটলারের পরনেও ছিল পুরোনো স্টাইলের ওই রকম লং কোট। সেই সঙ্গে মাথায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডিজাইনের কালো হেলমেট। এই হিটলার ও তার সহযোগীরা একটি ক্ল্যাসিক মোটরসাইকেল চড়ে বেরিয়েছিলেন রাস্তায়। চালকের আসনে ছিলেন সহযোগী আর ‘ফুয়েরার’ ছিলেন বাইকের সাইড কার-এ।
আসল হিটলারকে খুব বেশি লোক হাসতে দেখেননি। তবে এই হিটলার আর তার সহযোগী রীতিমতো হাসতে হাসতেই বাইকে ঘুরে বেড়াচ্ছিলেন। মানুষও এই সব দেখে বেশ মজাই পাচ্ছিলেন। এমনকি একটি ভিডিয়োতে দেখা যায়, হাত তুলে অভিবাদন নিচ্ছেন এই ফুয়েরার।
স্যাক্সনি পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘কেউ যখন হিটলারের মতো সাজ পোশাকে বের হন, তখন বিষয়টি নিয়ে তো তদন্ত করতেই হবে। একই সঙ্গে তারা আশা করেন, পুলিশ সদস্যরা কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই হিটলারের সাজ নেওয়া এ ধরনের ব্যক্তিদের রাস্তায় আটকাবেন।’
জানা গেছে, সম্প্রতি স্যাক্সনিতে একটি ক্ল্যাসিক বাইক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১৮০০ মোটরসাক্লিস্ট ও ৭৫০০ দর্শক অংশ নেন। সেই উৎসবে অংশ নিতেই হিটলার সেজে গিয়েছিলেন ওই ব্যক্তি।