সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচনের ভোটের তারিখ অবশ্যই পেছানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
বুধবার দুপুরে ধানমন্ডি এলাকায় ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চলাকালে তিনি এ মন্তব্য করেন।
হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে নির্বাচনের পেছানোর দাবি প্রসঙ্গে জানতে চাইলে ইশরাক সাংবাদিকদের বলেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। আমরা মুসলমান, আমাদের ঈদের দিন যদি ভোটগ্রহণ হতো তাহলে আমরাও চাইতাম ভোট পেছানো হোক। তাই আমি মনে করি অবশ্যই ভোট পেছানো উচিত।
তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে যত পদক্ষেপ নেয়া দরকার প্রথমেই তা নেব।
অনিয়ম দেখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। প্রচারণার ছয় দিনে তাদের সঙ্গে দেখা করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমি একবারও তাদের সঙ্গে দেখা করিনি। তবে আমাদের নির্বাচনী ক্যাম্প থেকে তাদের কাছে প্রতিনিয়ত অভিযোগ যাচ্ছে। তাদের কাছ থেকে আমরা খুব একটা কিছু আশাও করি না। এখন পর্যন্ত আমি তাদেরকে মাঠেও দেখি নাই।
দুপুর সোয়া ১টার দিকে ধানমন্ডি অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ইশরাকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু হয়।