স্বরসতি পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বচানের তারিখ নির্ধারণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের অবরোধে শাহবাগে আটকা পড়েন এক ব্যবসায়ী। ছাত্রদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে পিস্তল বের করে হুমকি দেন তিনি।
পরে ছাত্ররা তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
বুধবার শাহবাগে বারডেমের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আলিফ রুশদি হাসান (৪৫)। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এসএম শামীম জানান।
ঢাকার সিটি ভোটের তারিখ পেছানোর দাবিতে বুধবার দুপুরে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ চলার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আলিফ রুশদির বাড়ি পুরান ঢাকার সূত্রাপুরে, বাবার নাম মোসলেহ উদ্দীন। পেশায় ব্যবসায়ী আলিফ রুশদি থাকেন দুবাই। তার ওই পিস্তল লাইসেন্স করা। অনুমোদিত আরেকটি শটগানও তার সঙ্গে পাওয়া গেছে।
ঢাবি ছাত্ররা জানান, বারডেমের সামনে দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে যেতে চাইলে ছাত্রদের বাধার মুখে পড়েন। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্র বের করলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং অস্ত্র কেড়ে নিয়ে তাকে মারধর শুরু করে। পরে পুলিশ এসে তাকে সরিয়ে নিয়ে যায়।
রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এসএম শামীম পরে বলেন, উনি (আলিফ রুশদি হাসান) স্ত্রী-সন্তান নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে যানজটে আটকা পড়ে বিরক্ত হয়ে লাইসেন্স করা পিস্তল নিয়ে গাড়ি থেকে বের হয়েছিলেন। তখন শিক্ষার্থীরা তাকে মারধর করেছে।