এবার সাধারণ হোটেলে ভাত খেলেন আতিক (ভিডিও)

দোকানে চা বানিয়ে খাওয়ানোর পর এবার সাধারণ হোটেলে দুপুরে ভাত খেলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। 

বুধবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালানোর সময় আতিকুল ইসলাম সাধারণ মানের হোটেলে প্রবেশ করেন। হঠাৎ তাকে হোটেলে ঢুকতে দেখে অবাক হন অনেকে।

পরে আতিকুল ইসলাম হোটেলের সামনে রাখা পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসেন। সাধারণ মানের হোটেল হওয়ার কারণে হাত ধোয়ার ব্যবস্থা ছিল রাস্তার পাশে। সেখানেই হাত ধুয়ে হোটেলে খেতে থাকা অন‌্যান‌্যদের সঙ্গে এক টেবিলে দুপুরের খাবার খান তিনি।

এসময় নির্বাচনী প্রচারণা চালাতে তার সঙ্গে থাকা লোকজনও সেখানে দুপুরের খাবার খান। এ ঘটনায় ওই হোটেলের আশপাশ এলাকায় ভিড় জমে যায়।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর রামপুরার আফতাব নগরে ভোটের প্রচারণা চালা‌তে গিয়ে একটি দোকানে ঢুকে চা বানাতে বসেন তিনি। প‌রে তার হা‌তে বানানো চা তুলে দেন ‌নেতাকর্মীদের হাতে। কেউ কেউ মোবাই‌লে ভি‌ডিও ক‌রে সামা‌জিক যোগাযোগ মাধ্য‌মে পোস্ট ক‌রেন।