বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

বছরজুড়ে ধারাবাহিক আর নজরকাড়া সব পারফরম্যান্স। কী বিশ্বকাপে, কী অ্যাশেজে! স্বপ্নের মতো ২০১৯ সাল কাটানো বেন স্টোকসের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে একটি বিশাল অর্জন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। জিতেছেন মর্যাদাপূর্ণ স্যার গ্যারি সোবার্স ট্রফি।

গতকাল দুবাইয়ে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্টোকসের নাম ঘোষণা করেছে আইসিসি। গত বছরের ১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলা এই ক্রিকেটার গেল বছর ২০ ওয়ানডেতে করেন ৭১৯ রান, উইকেট নেন ১২টি। ১১ টেস্ট খেলে তার সংগ্রহ ৮২১ রান, যার মধ্যে লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৩৫ রানের অবিশ্বাস্য একটি ইনিংসও ছিল। নিয়েছেন ২২ টেস্ট উইকেট।

সারা বিশ্বের ক্রিকেট সাংবাদিক ও সাবেক ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার গিয়েছে ভারতের দীপক চাহারের ঝুলিতে। প্রত্যাশিতভাবেই সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান মারনাস লাবুশেন।

আইসিসির স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্টোকস বলেছেন, ‘বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিততে পারাটা দারুণ তৃপ্তিদায়ক। ইংল্যান্ড ক্রিকেটের জন্য গেল ১২ মাস ছিল অবিশ্বাস্য, প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারা ছিল আমাদের সেরা অর্জন।’ যোগ করেন, ‘গেল ১২ মাস ছিল আমার ক্যারিয়ারেরও সেরা এবং বিশ্বাস করি যে, আমার যা অর্জন তা পরবর্তী বছরগুলোতে আমাদের আরও সাফল্য অর্জনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে।’ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করার পাশাপাশি পুরো ২০১৯-এ ৭ সেঞ্চুরিতে ২৮ ম্যাচে ১৪০৯ রান করা রোহিত শর্মা বলেছেন, ‘এই পুরস্কারের জন্য আমি আইসিসিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বিসিসিআইকে, যারা আমাকে দেশের হয়ে খেলার সুযোগ দিয়েছে। এভাবে স্বীকৃতি পাওয়া আমার জন্য দারুণ ব্যাপার।’ ২০১৯-এ ক্রিকেট বিশ্বে এক বিস্ময়কর আবিষ্কার অস্ট্রেলিয়ার লাবুশেন। ক্রিকেটের প্রথম কনকাশন সাব ১১ টেস্টে ৬৪.৯৪ গড়ে সর্বাধিক ১১০৪ রান করেছেন তিনি গত বছর। ‘এটা দারুণ উদ্দীপনাকর। দারুণ একটা পরিক্রমাও। পুরস্কারটা পেয়ে আমি খুব কৃতজ্ঞ। তাছাড়া অস্ট্রেলিয়ার মতো একটা অসাধারণ দলের অংশ হতে পারাও দারুণ ব্যাপার’ বলেছেন তিনি।

স্টিভেন স্মিথকে দুয়ো না দিতে দর্শকদের প্রতি আহ্বান জানানোর কারণে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার। ভারত অধিনায়ক বলেছেন, ‘বাজে আচরণের জন্য অনেক দিন প্রচারে থাকার পর এমন একটা পুরস্কার পেয়ে আমি যরপরনাই খুব বিস্মিত। এটা সৌহার্দ্যরে অংশ যা স্পোর্টসম্যানদের পরস্পরকে দেখানো উচিত।’ কোহলিকে আইসিসির টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও করেছে আইসিসি। টেস্ট দলে অস্ট্রেলিয়ার ৫ জন। আর ওয়ানডে দলে কোহলিসহ ভারতীয় ৪ জন।