সেন্সর পেল অপু-বাপ্পির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

দীর্ঘদিন ধরেই অপু বিশ্বাস অভিনীত ছবি মুক্তি পাচ্ছে না। অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আবারও রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। অপুর সঙ্গে হাজির হবেন বাপ্পিও। গতকাল বাপ্পি-অপু জুটির প্রথম সিনেমা ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ১৪ জানুয়ারি ছবিটি সেন্সর সনদ পায়।

এই ছবির অন্যতম আকর্ষণ হলো গল্প। দর্শকরা পুরো গল্প ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলে জানান দেবাশীষ বিশ্বাস। এছাড়া বাংলা ছবির কালজয়ী গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ নতুনভাবে সংযোজন করা হয়েছে। নামী নির্মাতা মতিন রহমানের ‘বিয়ের ফুল’ ছবিতে শাকিল-শাবনূরের ঠোঁটে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির জন্য গানটির রিমেক করা হয়েছে। নতুনভাবে আকাশের গাওয়া ও সংগীত আয়োজনে গানটিতে এককভাবে ঠোঁট মিলিয়েছেন বাপ্পী।

আর এই ছবিতে বাপ্পী-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। দেবাশীষের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সিক্যুয়েল না এমনটাই জানিয়েছেন পরিচালক।

২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র শুরু করেন অপু বিশ্বাস। শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। শাকিব খানের বিপরীতে প্রায় ৭০টি ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস।

অপরদিকে ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন বাপ্পি চৌধুরী। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে এখন ঢালিউডের পরিচিত নায়কে পরিণত হয়েছেন।