জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব ও জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরে অ্যাডভোকেট এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির ঘটনায় তারা এ ঘটনায় দোষী প্রমাণিত হয়েছেন। আদালত বলেছে, তাদের বিরুদ্ধে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রায়ের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে এ পদক্ষেপ নিতে বলেছে হাইকোর্ট।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যাপারে নির্দেশনা রয়েছে। সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এটি। আদালত ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।’
আইনজীবীরা জানান, যবিপ্রবির ২০১৮ সালের ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত বছরের জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করেন যশোর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ তিনজনের বিরুদ্ধে রুল জারি করে আদালত। একই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে ওই তিনজনকে তলব করে হাইকোর্ট। এরপর গত বছরের ৪ নভেম্বর তারা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তবে আদালত ওই সময় জানায়, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।