প্রথমবার মিউজিক ভিডিওতে উপস্থাপিকা তানিশা

তানিশা তৃষ্ণা যুক্ত রয়েছেন টিভি উপস্থাপনার সঙ্গে। বর্তমানে জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন। উপস্থাপনার পাশাপাশি আবৃত্তিও করেন তানিশা। সম্প্রতি মোমিন বিশ্বাসের একটি গান-কবিতার কবিতা অংশের আবৃত্তি করেছেন তিনি।

জানা যায়, মোমিন বিশ্বাসের ‘আমার হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছো তুমি রোজ’ শিরোনামে গানের কথা লিখেছেন মাসুম আওয়াল। গানটিতে ব্যবহার করা হয়েছে একটি কবিতা। এটিও রচনা করেছেন এই গীতিকার। কবিতা আবৃত্তি করেছেন তানিশা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এস আলী সোহেল।

এদিকে এই গান কবিতার ভিডিওতেও দেখা যেতে পারে তানিশাকে। এ ছাড়া আরও একটি গানের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন এই উপস্থাপিকা।

দেশ রূপান্তরকে তানিশা বলেন, ‘আমি মূলত আবৃত্তি করতে ভালোবাসি। সেই জায়গা থেকেই মোমিন ভাইয়ার গান-কবিতার কবিতাটি আবৃত্তি করেছি। এর বাইরে আরও একটি মিউজিক ভিডিওতে শিগগিরই কাজ করতে যাচ্ছি। প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছি। ফলে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করছি ভালো কিছু হবে।’