ভারত শাসিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
বৈঠকটি রুদ্ধদ্বার হলেও পরে চেম্বারের বাইরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের রাষ্ট্রদূত ঝাং জুন। অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠক হয়েছে। সেখানকার পরিস্থিতি সম্পর্কে সেক্রেটারিয়েটের ব্রিফিং শুনেছে নিরাপত্তা পরিষদ।’
এ সময় তিনি জানান, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের মনযোগ আর্কষণ করে সম্প্রতি চিঠি লিখেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি তুলে ধরে ঝাং জুন বলেন, ‘ভারত-পাকিস্তানের ইস্যু নিরাপত্তা পরিষদের সব সময়কার আলোচ্যসূচি।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে কুরেশি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস এবং সাধারণ পরিষদের সভাপতি তিজ্জানি মুহাম্মদ-বান্দে’র সঙ্গে বৈঠক করেন।