এমন রূপে এর আগে আলিয়াকে দেখেননি দর্শক। গভীর দুটি চোখ, তাতে হাজারো আবেগ। পরিণত লুকে আলিয়া পুরোদস্তুর মারাঠি রমণীর সাজে, কপালে সিঁদুরের টিপ, গালে উল্কি। এভাবেই তাকে প্রেজ়েন্ট করলেন সঞ্জয় লীলা বানসালী।
মাফিয়া কুইন গঙ্গুবাই কাথিয়াওয়াড়িরূপে আলিয়া ভাটের লুক প্রকাশ্যে এল।
‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ তৈরি হচ্ছে হুসেন জ়াইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে।
পেশায় যৌনকর্মী হিসেবে শুরু করে এক সময়ে মাফিয়া বস হয়ে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাপটে রাজত্ব করতেন গঙ্গুবাই। বাস্তবের সেই চরিত্রকেই পর্দায় জীবন্ত করে তুলবেন আলিয়া।
চিত্রনাট্যে দেখানো হচ্ছে, গঙ্গুবাইয়ের বিভিন্ন বয়স। কমবয়সী এবং পরিণত বয়সের দুটি লুকই প্রকাশ করা হয়েছে।
কম বয়সী গঙ্গুবাইয়ের পরনে স্কার্ট-ব্লাউজ়, ফিতে দিয়ে বাঁধা দুটি বেণী আর ‘অ্যাকসেসরি’ বলতে সামনে রাখা একটি পিস্তল।
নির্মাতারা আলিয়ার ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘স্ট্রেংথ, পাওয়ার, ফিয়ার’।
রণবীর সিংহ, দীপিকা পাডুকোনসহ অনেকেই আলিয়ার লুকের প্রশংসা করে কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আগামী সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র।