পূজার দিন ভোট: রিট খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি রবিবার

সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

বৃহস্পতিবার চেম্বার আদালতে এ আপিল করা হয়। রবিবার এ বিষয়ে শুনানি হতে পারে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ।

এর আগে অধিকতর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনটি খারিজ করে দেন।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

পূজার দিন নির্বাচনের তারিখ ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। সংখ্যালঘু ভোটারদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, সরস্বতী পূজা হলো ২৯ জানুয়ারি, নির্বাচন হচ্ছে ৩০ জানুয়ারি। ১ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা, ফলে নির্বাচন পেছানো বা আগানোর কোনো সুযোগ নেই।