সরস্বতী পূজার জন্য ঢাকা সিটি করপোরেশনের ভোট পেছানোর অনুরোধ জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
রাজধানীর মিরপুরের আলুব্দী ঈদগাহ মাঠে বৃহস্পতিবার এক সমাবেশে নির্বাচন কমিশনের প্রতি তিনি এ আহ্বান জানান।
আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, সবারই উৎসব পালনের অধিকার রয়েছে। অমি অবশ্যই মনে করি, সরস্বতী পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে। আমি নির্বাচন কমিশনের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ পিছিয়ে দিন। কারো ধর্ম পালনে যেন কোনো বিঘ্ন না ঘটে।
বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আতিকুল ইসলাম বলেন, আমি যদি বলতাম আমার নেতাকর্মীরা যদি বলত, তাবিথ আউয়ালের কোনো পোস্টার ঢাকা শহরে থাকতো না। আমি দলের নেতাকর্মীদের অনুরোধ করব, আমাদের কোনো পোস্টার ছেড়া লাগবে না, কাউকে বাধা দেওয়া লাগবে না। আমি বরং ওয়েলকাম করব, প্রয়োজন পড়লে আমি পোস্টার লাগিয়ে দেব কিন্তু ছিড়ব না। আওয়ামী লীগ বিশ্বাস করে গণতন্ত্রের রাজনীতি। আমি বলব ৩০ তারিখ পর্যন্ত নির্বাচনে থাকুন, দেখুন জনগণ কাকে নির্বাচিত করে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।