ঘন কুয়াশার কবলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে গতকাল বৃহস্পতিবার ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যস্ততম এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় শতাধিক যানবাহন নিয়ে ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে থাকে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় থাকে ৩ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে ব্যস্ত এ নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় দিকনির্দেশক সিগন্যাল বাতি ও মার্কিং পয়েন্ট নির্ণয় করা দুষ্কর হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনায় এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় শতাধিক যানবাহন ও যাত্রী নিয়ে ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে থাকে।
বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। একই সঙ্গে শিমুলিয়া ও কাঁঠালবাড়ী ঘাটে থাকা ফেরিগুলো যানবাহন বোঝাই করে রওনা দেয়। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বিকেল পৌনে ৪টা পর্যন্ত শিমুলিয়াঘাটে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।