মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অ্যাসেমব্লি (সমাবেশ) করা না গেলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) অ্যাসেমব্লি আয়োজন ও সেখানে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ দেওয়া রয়েছে।