ঢাকার দুই সিটি নির্বাচন

২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্যমেলা বন্ধের সুপারিশ পুলিশের

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার মোতায়েনের সুবিধার্থে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ডিএমপি। কমিশনারের পক্ষে চিঠি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়।

উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম দেশ রূপান্তরকে বলেন, আমরা ডিএমপি থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠিটিসহ পাঠিয়েছি। কমিশন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলবে।