সাংবাদিক মাহমুদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

চ্যা‌নেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার মামলার আসামিদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকায় কর্মরত সাধারণ সংবাদকর্মীবৃন্দ।

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এক সপ্তাহের মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা না হলে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা তা স্তিমিত করতে দুর্নীতিবাজ, ভুয়া গণমাধ্যমের একটি চক্র বিপক্ষে অবস্থান নিয়েছে। এ-সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার পর চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান 'নাইন ইনভেস্টিগেশন' এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে গত সপ্তাহেও খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করেনি।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সাংবাদিক মাহমুদ হোসাইনের ওপর হামলায় জড়িত আসামিদের এক সপ্তাহের মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সব সাধারণ সাংবাদিকদের সঙ্গে কঠোর ও দুর্বার আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের লজ্জা হয়, একজন পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকের ওপর হামলা ও মামলার পরও আসামিরা গ্রেপ্তার হয়নি উল্টো হুমকি-ধমকি দিচ্ছে। এটা কোনোভাবে মেনে নেয়া হবে না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি আজমল হক হেলাল বলেন, একজন সংসদ সদস্য ও একজন পুলিশ কর্মকর্তার পরিচয়ে প্রভাব দেখিয়ে হামলা হয়েছে।

 খিলগাঁও থানা পুলিশ যদি আসামি ধরতে ব্যর্থ হয় তাহলে আমরা খিলগাঁও থানা, ডিএমপি কমিশনার কার্যালয় ও আইজিপি কার্যালয় বরাবর পদযাত্রা কর্মসূচিতে যাব।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম বলেন, এর আগে আমরা হেলমেটবাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হতে দেখেছি। কিন্তু বিচার তো দূরে শনাক্তকৃত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য বাতেন বিপ্লব বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজের অন্যায়গুলো তুলে ধরায় অনেকবারই নির্যাতন চালানো হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের। কিন্তু বিচার মেলেনি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, সাংবাদিক মাহমুদকে যারা নির্যাতন করেছে তারা অপরাধী। তাদের পরিচয়ও শনাক্ত। আমরা আশা করছি নেতৃবৃন্দের ঘোষণা অনুযায়ী পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে।

এ সময় উপস্থিত ছিলেন, চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার তাইমুর হাসান শুভ, মীর্জা রুমন, আগামী নিউজের মোস্তাফিজুর রহমান সুমন, আরটিভির মিঠুন চৌধুরী, সারা বাংলার প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক উজ্জল হোসেন জিসান, আমাদের সময় ডটকমের স্টাফ রিপোর্টার সুশান্ত সাহাসহ শতাধিক সাংবাদিক।

১১ জানুয়ারি র‌াত পৌনে ১০টায় রামপুরার ই ব্লকের ৬ নম্বর রোডে চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান 'নাইন ইনভেস্টিগেশন' এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই রাতে চ্যানেল নাইনে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রথম পর্ব‌টি প্রচা‌রিত হয়। অনুসন্ধানী প্রতিবেদনটি  প্রচার করায় দুর্বৃত্তরা হামলা করে বলে মনে করেন নির্যাতিত সাংবাদিক মাহমুদ।

এ ঘটনায় রামপুরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে।