ইউএস-বাংলা এয়ারলাইনসে নতুন বিমান

ইউএস-বাংলা এয়ারলাইনসের এয়ারক্র্যাফটে আরো একটি এটিআর ৭২-৬০০ বিমান যুক্ত হয়েছে। ফলে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্র্যাফটের সংখ্যা হলো ১২। 

যা বাংলাদেশের বেসরকারী বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ। 

শুক্রবার দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। 

নতুন যুক্ত হওয়া এয়ারক্র্যাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক-অপারেশনস ক্যাপ্টেন মনিরুল হক জোয়ারদার ও পরিচালক প্রশাসন জনাব মুসা মোল্লাহ। 

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে মিশর ও ওমান হয়ে নতুন সংযোজিত এয়ারক্র্যাফটটি শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর এয়ারলাইনসের সার্বিক উন্নতির জন্য দোয়া করা হয়। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফটটিতে ৭২ আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে। 

তিনি উল্লেখ করেন, ১৭ জুলাই ২০১৪ দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১২টি এয়ারক্র্যাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও পাঁচটি এটিআর ৭২-৬০০। 

তিনি জানান, “ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্ল্গোান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে চলতি মাসের মধ্যে আরো একটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী জুন মাসের মধ্যে ব্র্যান্ডনিউ আরো চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত করে অভ্যন্তরীণ বিমান পরিবহনকে আরো বেশী শক্তিশালী নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। 

৫ম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে কামরুল ইসলাম জানান।