টুইঙ্কেলকে যেভাবে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন অক্ষয়

উনিশ বছরে পা দিল অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বৈবাহিক সম্পর্ক। বাস্তব জীবনে তাদের জুটির ভালোবাসার উষ্ণতা সম্পর্কে ভালোই জানেন ভক্তরা। প্রকাশ্যে হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, অক্ষয়-ট্যুইঙ্কলের পরস্পরের সঙ্গে খুনসুটি ও ভালোবাসা দেখলেই স্পষ্ট বোঝা যায় তারা স্বামী-স্ত্রীর সম্পর্ক ছাড়াও একে ওপরের কতটা ভালো বন্ধু।

এদিকে বিয়ে বার্ষিকীতে ভিন্নভাবে টুইঙ্কেলকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন অক্ষয়। তাদের দুজনের একটি ছবি  আপলোডের সঙ্গে সঙ্গে টুইঙ্কেলের জন্য একটি ছোট্ট চিঠিও লিখেছেন অক্ষয়। ছবিতে দেখা যায়, ‘২.০’ ছবিতে তার অভিনীত ভিলেন পক্ষীরাজন-এর সেই ভয়ানক লুকের মেকআপ নিয়ে ট্যুইঙ্কলকে জড়িয়ে ধরে ভয়ঙ্করভাবে দাঁত খিঁচিয়ে রয়েছেন অক্ষয়। ট্যুইঙ্কলের মুখে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’-টাইপ অভিব্যক্তি!

এমনি মজার ছলে স্ত্রীকে বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়।স্ত্রী’র উদ্দেশে অক্ষয় লিখেছেন ‘বিবাহোত্তর জীবনের ছবি খানিকটা এরকম। কখনও আপনি আপনার ভালোবাসার মানুষটিকে ভালোবেসে জড়িয়ে গুটিসুটি মেরে থাকবেন কখনো বা এরকম…’ মানে কখনো ভালোবাসার মানুষের সঙ্গে বিবাদ, কথাকাটাকাটি ইত্যাদি হবে আবার কখনো মিল মহব্বত।

উল্লেখ্য, ২০০১ সালের ১৭ জানুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন অক্ষয় কুমার ও ট্যুইঙ্কল খান্না।