চাঁদপুরে দীপু মনি

বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচনে আসে

বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে। তারা জানে তারা জনবিচ্ছিন্ন একটি দল। যেসব নির্বাচনে তারা জয়ী হয় সেসব নির্বাচনেও ফল ঘোষণার আগ পর্যন্ত বিতর্ক সৃষ্টি করে। বিএনপি-জামায়ত দেশকে ধ্বংস করার জন্য কাজ করেছে। আজও তারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও এসে তারা বলছে, নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না তা প্রমাণ করার জন্যই তারা ভোটে অংশ নিচ্ছে। অর্থাৎ তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।