সক্ষমতা বৃদ্ধি ও মানসিকতার পরিবর্তনসহ পুলিশ বাহিনীকে আধুনিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার সাভারের জোরপুল এলাকার লাজপল্লীতে যশোর জেলা কল্যাণ সমিতি আয়োজিত ‘বিজয় উৎসবে’ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি একটি নিরন্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির কারণে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে। দেশের মানুষ এখন সুখে-শান্তিতে বসবাস করছে।’
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।