চলে গেলেন রাবি ক্যাম্পাসের সেই ‘আবু ভাই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মধুর ক্যানটিন যেমন এক আবেগের নাম, তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আবুর ক্যানটিনও এক আবেগের নাম। রাবি ক্যাম্পাসের প্রিয়মুখ আবুর ক্যানটিনের সেই ‘আবু ভাই’ (আবু মুহম্মদ) আর নেই। গতকাল শুক্রবার সকালে নগরীর মতিহার থানার হনুফার মোড় এলাকায় নিজ বাড়িতে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। এদিন বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের সদস্যরা জানান, আবু ভাই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, অ্যাজমা, উচ্চ রক্তচাপ ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় সর্বশেষ ১১ দিন ধরে তিনি রাজশাহী নগরীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে গত বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আড্ডা আর বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হতো ‘আবু ভাই’-এর মালিকানার ‘আবুর ক্যানটিন’। সত্তরের দশক থেকে চলতি শতাব্দীর প্রথম দিকেও আবু ভাইয়ের এই ক্যানটিন ছিল রাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সব আন্দোলনের কেন্দ্রবিন্দু।