প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শনিবার সকালে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান মারা যান।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।