ভারতের উত্তর প্রদেশে কাওয়ালি গানকে হিন্দু বিরোধী বলে অভিহিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাওয়ালি গান সেখানকার নাগরিকদের অনুভূতিতে আঘাত করবে বলেও সেখানকার সরকার মত দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে কাওয়ালি পরিবেশনের সময় প্রখ্যাত সুফি শিল্পী মঞ্জরি চতুর্বেদিকে তার অনুষ্ঠান চলার সময় থামিয়ে দেওয়া হয় বলে শনিবার ভারতের গণমাধ্যম খবরে জানায়।
তারা জানায়, উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে মঞ্জরি চতুর্বেদিকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অনুষ্ঠান চলাকালেই তাকে থামিয়ে পরবর্তী পরিবেশনার জন্য আহ্বান করা হয়।
মঞ্জরি চতুর্বেদি অভিযোগ করে জানান, এ প্রথম কোনো অনুষ্ঠানে এভাবে থামিয়ে দেওয়া হলো।
মঞ্জরি চতুর্বেদি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম কোনো যান্ত্রিক ত্রুটি হয়ত দেখা দিয়েছে। কিন্তু এরপরই ঘোষণা শুনতে পেলাম। তখন আমি বুঝলাম যে এটা কোনো ত্রুটির জন্য ঘটেনি। আমি জানতে চাইলে তারা বলল, কাওয়ালি এখানে চলবে না। আমি দুনিয়াজুড়ে অনুষ্ঠান করে আসছি কখনো কিছু হয়নি। আর হলো কি না আমার নিজেরই শহর লখনৌতে।
তবে সরকারের পক্ষ থেকে চতুর্বেদির অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়, আয়োজক ও শিল্পীর সঙ্গে সমঝোতার একটা সমস্যা হয়েছিল।
কোনো ধর্মীয় কারণেও কাওয়ালি গান থামিয়ে দেওয়া হয়নি বলে সাংবাদিকদের জানায় কর্তৃপক্ষ।