মুজিব বর্ষ পালন করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করি: সালমান এফ রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ পালন করতে পারায় নিজেকে ভাগ্যবান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান।

শনিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে কৈলাইলের নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে মুজিব বর্ষ পালন করতে পারছি বলে আমরা ভাগ্যবান এবং আমি নিজেকেও ভাগ্যবান মনে করছি। সারা দেশের মতো দোহার-নবাবগঞ্জেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব বর্ষ পালিত হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যদি আজ দেশটা স্বাধীন না করতেন, আমরা এগোতে পারতাম না। বিশ্ববাসী আজ আমাদের চিনতে পারত না। বঙ্গবন্ধু সম্পর্কে আজ ভালো ভালো তথ্য আসছে। তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে। নতুন প্রজন্মকে জানতে হবে শেখ মুজিব সম্পর্কে।

প্রধান অতিথি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র ওয়াজেদ জয় মিলে দেশটাকে ডিজিটালে রূপান্তরিত করেছে। আজ ঘরে ঘরে ডিজিটালের সুবিধার সুবাতাস বইছে। এখন দেশের তরুণ তরুণীরা ঘরে বসে কম্পিউটারে অনেক আয় করছে।

এমপি বলেন, নির্বাচনের আগে যে সব কাজের প্রতিশ্রুতি দিয়েছি ইতিমধ্যে সেসব কাজ শুরু হয়ে গেছে। বাকি কাজগুলোও খুব শিগগিরই শুরু হবে। এ অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দিয়েছিলাম। আপনাদের কৈলাইলেই তা বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছে। আশা করি খুব শিগগিরই একনেকে বিষয়টি উঠবে এবং পাশ হয়ে যাবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ।

উৎসবে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের উপস্থাপনা শেষে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু, রিংকু, সৌরভী, প্রমিত হাসান গানে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।