প্রতারককে গ্রেপ্তারে সহায়তা চেয়ে ভিডিও প্রকাশ পুলিশের

এক দুবাইপ্রবাসীর সাউথ ইস্ট ব্যাংকের একটি অ্যাকাউন্টের ১৩ লাখ টাকা বিভিন্ন এটিএম বুথ থেকে উত্তোলনকারী প্রতারক এক নারীর ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ করে তাকে গ্রেপ্তারে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপি তাদের অনলাইন নিউজপোর্টাল ডিএমপি নিউজে এসব তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, এটিএম বুথগুলোয় স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ওই প্রতারকের ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করতে পুলিশকে সহায়তার জন্য অনুরোধ করা হয়।

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, দুবাইপ্রবাসী সাইফুল ইসলামের ঢাকার ডেমরার সারুলিয়ার সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড শাখার একটি অ্যাকাউন্ট থেকে গত ৭ জুলাই ২০১৯ থেকে ১৮ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে ব্যাংকটির বিভিন্ন বুথ থেকে ১৩ লাখ টাকা তুলে নিয়েছেন ওই নারী। পরবর্তী সময়ে সাইফুল ইসলাম দুবাই থেকে দেশে আসার পর অ্যাকাউন্টে টাকা না পেলে গত বছরের ৬ নভেম্বর রমনা থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তদন্তকালে ওই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা। সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক নারী ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন বুথ থেকে টাকা উত্তোলন করছেন। পুলিশ জানতে পারে সাইফুল ইসলামের গচ্ছিত সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টটির টাকাই ওই নারী তুলে নিয়েছেন।

ওই নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহর (০১৭১৩-৩৯৮৫২৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।