‘ভুয়া মামলায়’ কারাভোগের প্রতিবাদ স্বজনদের

পুলিশের অপরাধীর তালিকায় নাম নেই। কোনো অপরাধের সঙ্গে জড়িত তথ্যও জানা নেই পরিবারের। তারপরও একের পর এক মামলার আসামি হচ্ছেন। অপরাধ না করে বছরের পর বছর জেল খাটছেন।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা এমন অর্ধশত পরিবারের দুই শতাধিক স্বজন ভুয়া মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে আশুলিয়ার মেঘলা জানান, তার ছোট ভাই উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ফজলে হামিম সায়মন এবং বাবা ড. সোহরাব হোসেন ৫টি মিথ্যা মামলায় জেল খাটছেন। ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মামলাগুলো করা হয়েছে। এ পরিবারের মাহবুবুর রহমান খোকনও জেল খাটছেন। পরিবারের কোনো পুরুষ আতঙ্কে বাড়ি থাকতে পারে না বলে জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সোহেল চৌধুরী, খাদিজা আক্তার, শিশু আলাউদ্দিন, আলাউদ্দিনের মা রিজিয়া বেগম, আবদুল কাদেরের ভাগ্নে মাসুদ রানা প্রমুখ। তারা তাদের বাবা, স্বামী, ভাইয়ের ভুয়া মামলাবাজদের সিন্ডিকেটে পড়ে কারাবন্দির করুণ চিত্র বর্ণনা করে সরকারের কাছে প্রতিকার দাবি করেন।