প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর হারের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের শেষ দিকে হঠাৎ জ্বলে ওঠেন সের্জিও আগুয়েরো। জোড়া গোল করে তৈরী করেন জয়ের সম্ভাবনা। কিন্তু শেষ মুহূর্তে আত্মঘাতী গোলের কারণে জয় বঞ্চিত হতে হলো পেপ গার্দিওলার দলকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানসিটি। পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন স্বাগতিক দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আগুয়েরো। কিন্তু শেষ মুহূর্তে সিটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফের্নান্দিনহো নিজেদের জালে বল জড়িয়ে বসলে ড্র হয় ম্যাচটি।
ম্যাচটিতে ড্র করায় ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান তেমন কমাতে পারল না সিটি। গার্দিওলার দলের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮।
সিটির মাঠে ম্যাচের ৩৯তম মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। গ্যারি কাহিলের হেডে বল পান চেঙ্ক টসুন। গোলপোস্টের খুব কাছ থেকে হেডে জালে বল জড়ান জার্মান স্ট্রাইকার চেঙ্ক টসুন।
১-০ গোলে পিছিয়ে প্রথমার্ধের খেলা শেষ করা সিটিকে ৮২তম মিনিটে ম্যাচে সমতা ফেরান আগুয়েরো। এই গোলে বড় অবদান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। তার ক্রস গোলটি করেন আগুয়েরো।
৮৭তম মিনিটে আরও একটি গোল করে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আগুয়েরো। এবার বেঞ্জামিন মেদির ক্রস থেকে গোলটি করেন আক্রমণভাগের তারকা এই ফুটবলার।
জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল সিটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের পায়ে কুড়াল মারেন ফের্নান্দিনহো। বল রোখার বদলে নিজেদের জালে বল জড়িয়ে বসেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।