ফরিদপুরে বাড়িতে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার চরমামুদপুরের আজাদ মোল্লার বাড়িতে আগুন লেগে আলেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের শিশু আমেনা (৩) গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে। নিহত আলেয়া বেগমের স্বামী আজাদ শেখ।

কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে গৃহবধূ আলেয়া মারা যান। গুরুতর আহত তার শিশু সন্তানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।