হরিজন সম্প্রদায়ের বলে মৌলভীবাজারে শিশুকে স্কুল থেকে বিতাড়ন

হরিজন হওয়ায় মৌলভীবাজারে এক শিশুকে স্কুল থেকে বিতাড়িত করার ঘটনা ঘটেছে। পরে ইউএনও'র হস্তক্ষেপে আবারো শিশুটিকে স্কুলে ফিরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খবর: বিবিসি বাংলা।

কুলাউড়া উপজেলার ওই বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলটির প্রধান শিক্ষক বিবিসি বাংলাকে জানান, অন্য বাচ্চাদের অভিভাবকদের আপত্তির কারণে শিশুটিকে ক্লাস করতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু পরে আবার প্রথম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ক্লাস করার অনুমোদন দেওয়া হয়েছে।

এরপর থেকে ৭ বছর বয়সী ওই শিশুটি নিয়মিত ক্লাস করছে বলেও জানান তিনি।

ওই শিশুটির বাবা বিবিসি বাংলাকে জানান, গত ১৩ই জানুয়ারি ছেলেকে স্কুলে ভর্তি করান তিনি। সেদিন রাতেই স্কুল কর্তৃপক্ষ তাকে ফোন করে জানায় যে, তারা হরিজন সম্প্রদায়ের হওয়ার কারণে তার সন্তানকে ওই স্কুলে ক্লাস করতে দেয়া সম্ভব নয়। তাকে যেন অন্য কোন স্কুলে ভর্তি করে দেয়া হয়।

তিনি বলেন, আমাকে জানায় যে, অন্য বাচ্চার অভিভাবকরা নাকি সমস্যা করছে।

এরপর শিশুটির বাবা এ ঘটনার প্রতিকার চেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন।

এ বিষয়ে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার, এটা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। সে যেই সম্প্রদায়ের হোক। লিখিত অভিযোগ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে আমার কার্যালয়ে ডেকে এনে ওই স্কুলছাত্রকে ক্লাসে ফিরিয়ে নিতে কঠোর নির্দেশনা দিয়েছি। সে ক্লাস করছে।

মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভার উদ্যোগ নিয়েছি।