চিকিৎসার আড়ালে ধর্ষণ চেষ্টা, কবিরাজ গ্রেপ্তার

ঝাড়ফুঁক দিয়ে কবিরাজি চিকিৎসার আড়ালে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অর্জুন লাল(৪৫) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করছে লালমনিরহাট সদর থানা-পুলিশ।

শনিবার রাত সাড়ে বারোটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক কবিরাজ অর্জুন লাল পৌরসভার উত্তর সাপটানা এলাকার মৃত ফুলচাঁন রবিদাসের ছেলে।  

কবিরাজ অর্জুন লাল লালমনিরহাট সদর হাসপাতালের সামনের ফুটপাতে জুতা সেলাইয়ের ও এলাকায় কবিরাজি চিকিৎসা করে থাকেন। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাঁকেয়া টেপা গ্রামের এক নারী সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ওই রাতেই কবিরাজকে গ্রেপ্তার করে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে জ্বরে আক্রান্ত ওই নারী চিকিৎসা নিতে কবিরাজ অর্জুন লালের বাড়িতে যান। এ সময় কবিরাজ অর্জুন ঝাড়ফুঁকের কথা বলে ওই নারীকে তার শয়নকক্ষে নিয়ে কাপড় টানা হিঁচড়া করে তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় কবিরাজ অর্জুন লাল। পরে ওই নারী কবিরাজকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে এসে পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কবিরাজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।