এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ। রবিবার চব্বিশ পরগনার এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে।
তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দুই রুপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। আমরা তাদের ফেরত পাঠাবো।
দিলিপ ঘোষ আরো বলেন, এই অবৈধ বাংলাদেশি মুসলিমরা রাজ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত। যারা সিএএ’র বিরোধিতা করছে তারা ভারত ও বাঙালি বিরোধী। তারা ভারতের ধারণার বিরোধি। তাই তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছে।
এর আগে শনিবার দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন থেকে চার মাস সময় দেবেন। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া সবাইকেই সিএএ অনুযায়ী প্রয়োজনীয় ফরম পূরণ করতে হবে। রাজ্য বিজেপির সভাপতি বলেন, বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদের কেবলমাত্র ভারতে প্রবেশের তারিখটা জানাতে হবে। অন্য কোনও কাগজপত্র দেখাতে হবে না। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা সবাইকেই নাগরিকত্ব দেওয়া হবে।