জনগণের সেবাপ্রাপ্তি সহজ করুন: স্থানীয় সরকারমন্ত্রী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াসার কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। বাধা-বিপত্তি এলে দায়িত্ব নিয়ে কাজ করবেন। জনগণের সেবাপ্রাপ্তি সহজ করতে হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।’

রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিভাগটির আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা প্রকল্পগুলো থেকে ফলাফল চাই, যাতে জনগণের সেবা প্রাপ্তি সহজ হয়। আমরা নাগরিকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সরেজমিনে উপস্থিত থেকে প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন।’

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মোট প্রকল্প ৩৮টি। জুলাই থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি শতকরা ৩৭ দশমিক ৭০ শতাংশ। আর এ সময়ে জাতীয় অগ্রগতি ২৬ দশমিক ৩৭ শতাংশ। সিংহভাগ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি নিয়ে সভায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

পর্যালোচনাধীন সময়ে ঢাকা ওয়াসার মোট ৮টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ২২ দশমিক ৬৯ শতাংশ। চট্টগ্রাম ওয়াসার মোট প্রকল্প ৪টি এবং বাস্তবায়ন অগ্রগতি ৮২ দশমিক ৬৭ শতাংশ। খুলনা ওয়াসার একমাত্র প্রকল্প ‘খুলনা শহরের পয়ঃনিষ্কাশনব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প’র ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। রাজশাহী ওয়াসার দুটি প্রকল্পের জন্যও জমি অধিগ্রহণের কাজ চলছে। তুলনামূলক কম অগ্রগতির প্রকল্পগুলো বাস্তবায়ন ত্বরান্বিত করতে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বলেও জানান কর্মকর্তারা।