কলেজের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রাজধানীর উত্তরায় ঢাকা নর্দার্ন সিটি কলেজে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং ভবনের মালামাল লুটের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত শিক্ষকরা। কলেজটির অচলাবস্থা নিরসনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা নর্দার্ন সিটি কলেজের প্রভাষক ইসফাত জাহান বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির ভাড়া করা ভবনে তাদের কলেজটি পরিচালিত হচ্ছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়। গত ১০ জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কলেজ ভবনে হঠাৎ হামলা চালায় সন্ত্রাসীরা।