বাংলাদেশের থিয়েটার অঙ্গনের ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ইশরাত নিশাত চলে গেলেন অন্যলোকে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সোমবার দুপুর একটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তার মরদেহ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের কন্যা। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন।
তার নির্দেশনায় ‘দেশ নাটক’ প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার।
এদিকে নিশাতের মৃত্যুর খবর শোনার পর নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মধ্যরাতেই গুলশানের বাসায় যান নাসির উদ্দিন ইউসুফ, শিমূল ইউসুফ, মাসুম রেজা, চঞ্চল চৌধুরী, বন্যা মির্জা, নাজনীন চুমকি, আনিসুর রহমান মিলন, সামিউন জাহান দোলা, আশনা হাবীব ভাবনা, অনিমেশ আইচ, ইভানসহ নাট্যাঙ্গনের অনেকে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘বাংলাদেশের থিয়েটার অঙ্গনের ‘বিদ্রোহী কণ্ঠ’ নিশাত। তার এই কণ্ঠস্বর আমাদের নাট্যাঙ্গনকে নানাভাবে সমৃদ্ধ করেছে।’