কাশ্মীরে শুধু অশ্লীল ছবি দেখতেই ইন্টারনেট ব্যবহার: জেএনইউ আচার্য

কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধে মোদি সরকারের সিদ্ধান্তের সাফাই গেয়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) আচার্য ভিকে সারস্বত বলেছেন, শুধু অশ্লীল ছবি দেখার জন্য কাশ্মীরে ইন্টারনেট ব্যবহার হয়।

সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় বিশেষ কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেন পদ্মশ্রী পাওয়া ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও’র সাবেক এই প্রধান।

এই সময় জানায়, স্বাভাবিকভাবেই সারস্বতের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। পরে পরিস্থিতি বেগতিক বুঝে পরে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে নীতি আয়োগের এই সদস্য, তিনি এমন কথা বলতে চাননি। এখানে তার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

শনিবার গুজরাটের গান্ধীনগরে ধিরুভাই আম্বানি ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (ডিএ-আইআইসিটি) সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারস্বত।

উদ্বোধনী ভাষণে দেশের উন্নয়নের স্বার্থে ইন্টারনেটের উপকারিতা তুলে ধরে তিনি। পরে সাংবাদিকরা তার কাছে কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রাখা প্রসঙ্গে জানতে চান।

জবাবে নীতি আয়োগের এই সদস্য বলেন, ‘কাশ্মীরে ইন্টারনেট না থাকলে কী বা যায় আসে? সেখানে ইন্টারনেটে কী তেমন দেখা হয়? সেখানে কোনো ই-বাণিজ্য হচ্ছে? অশ্লীল ছবি দেখা ছাড়া কাশ্মীরে ইন্টারনেট আর কোনো কাজে লাগে না।’

গত বছরের আগস্টের শুরুতে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক ও রাজ্যের মর্যাদা তুলে নেয় ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। সে সময় থেকে অঞ্চলটিতে ইন্টারনেট বন্ধ করে রাখাসহ একাধিক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। কয়েক দিন আগে সেখানে টু-জি ইন্টারনেট সচল করা হয়।