মার্কিন উপকূলে এক বছরে ভেসে এল ১০ লাখ পাখির মৃতদেহ!

যুক্তরাষ্ট্রের সমুদ্র সৈকতে পড়ে আছে শত শত পাখির মৃতদেহ। কমন মুর নামে সামুদ্রিক পাখির মৃত্যুর এই মিছিল ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কার উপকূল পর্যন্ত। গত এক বছরের এমন করুণ দৃশ্যের সাক্ষী উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের বাসিন্দারা।

লাইভ সায়েন্স, লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, পাখিদের এমন গণমৃত্যুর প্রাথমিক তদন্তে প্রকাশ্যে আসতেই আতঙ্কিত প্রকৃতিবিদেরা। জলবায়ু পরিবর্তনকেই এই ঘটনার কারণ বলে মনে করছেন তারা।

এক বছরে কমপক্ষে ১০ লাখ কমন মুর পাখির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। কমন মুর হচ্ছে সমুদ্রের মাছধরা পাখি। স্মরণকালে এত বিপুলসংখ্যক পাখির মৃত্যু আর ঘটেনি। সমুদ্রের পানিতে সৈকতে ভেসে আসছে পাখিদের মৃতদেহ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর জন পিয়াট বলেন, ‘৬ হাজার কি.মি এলাকাজুড়ে কীভাবে ১০ লাখ পাখি মরে থাকতে পারে, কারণটা কী!’ তার মতে, কমন মুরের গণমৃত্যু আগেও হয়েছে। কিন্তু সংখ্যা এত ভয়াবহ ছিল না।

বিশেষজ্ঞদের ধারণা, সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এমন বিপর্যয় ঘটেছে। জলবায়ু পরিবর্তনকেই এমনটা ঘটছে। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে পড়তে হয় কমন মুর পাখিদের। এর আগে ২০১৫ সালের গ্রীষ্ম থেকে ২০১৬ সালের বসন্ত পর্যন্ত প্রায় না খেতে পেয়ে মারা গিয়েছিল অনেক পাখি।